জার্মান পর্যটক ক্রিলের চুরি হওয়া ম্যাকবুক উদ্ধার

জার্মান পর্যটক ক্রিলের চুরি হওয়া ম্যাকবুক উদ্ধার

বাংলাদেশ

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ল্যাপটপটি তুলে দেন।

ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। পাশাপাশি বাংলাদেশে ভ্রমণের সময় পাওয়া ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

যেভাবে চুরি হয়েছিল ল্যাপটপ ও ক্যামেরা গত ৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন তিনি। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ব্যাগটি রেখে যান ক্রিল।

টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগটি আর খুঁজে পাননি তিনি। পরে জানতে পারেন, যাঁর কাছে ব্যাগটি রেখেছিলেন, তিনি রেলওয়ের কর্মকর্তা নন। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জার্মান পর্যটক।

যেভাবে উদ্ধার হলো ম্যাকবুক ঘটনার পর নাটোর সদর থানা-পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান শুরু করে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ক্রিলের ম্যাকবুকটি উদ্ধার করা হয়।

তবে চুরি হওয়া ক্যামেরাটি উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। দুই পুলিশ কর্মকর্তাকে আর্থিক পুরস্কার বিদেশি পর্যটকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও ল্যাপটপ উদ্ধারে অবদানের স্বীকৃতি হিসেবে আইজিপি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন।

এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা নিশ্চিত করা, দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা দেওয়া, জনসাধারণের আস্থা অর্জন এবং পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করার নির্দেশনা দেন।

এর আগেই ম্যাকবুক উপহার দিয়েছিলেন এক বাংলাদেশি ল্যাপটপ ও ক্যামেরা হারানোর পর ক্রিল ল্যান্ডারের কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও দেখার পর ১০ অক্টোবর মুক্তি মাহমুদ নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তাঁকে একটি ম্যাকবুক উপহার দেন।

রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ। তখন তিনি বলেছিলেন, বাংলাদেশ ছাড়ার আগে তরুণ পর্যটক যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা।

পরে পুলিশও তাঁর চুরি হওয়া আসল ম্যাকবুকটি উদ্ধার করে ফেরত দেয়। এ ঘটনায় বিদেশি পর্যটকের হারানো সম্পদ উদ্ধারের পাশাপাশি বাংলাদেশে তাঁর ভ্রমণ-অভিজ্ঞতা ও পুলিশের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে।