বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় আখতারুজ্জামানের জামিন

বিমানবন্দরে সরকারি কাজে বাধার মা’ম’লা’য় আখতারুজ্জামানের জা’মিন

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে, গত ৪ অক্টোবর রিমান্ড শেষে আখতারুজ্জামানকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। ওই সময় তার আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে দেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পরে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী। সেই আবেদনের শুনানি শেষে আজ তার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন আখতারুজ্জামান। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগে ওই দিনই তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।