দেশে পৌঁছেছে বাহরাইনে নি'হ'ত গিরিশ চন্দ্রের ম'র'দে'হ

দেশে পৌঁছেছে বাহরাইনে নি’হ’ত গিরিশ চন্দ্রের ম’র’দে’হ

জাতীয়

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তা গ্রহণ করেন এবং স্বজনদের কাছে হস্তান্তর করেন। বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে গিরিশের মরদেহ পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়। এ সময় সৎকার ও অন্যান্য খরচের জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়।

এ ছাড়া যথাযথ ওয়ারিশনামা দাখিল সাপেক্ষে নিহতের পরিবারকে প্রবাসী কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আরও ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

জানা যায়, গিরিশ চন্দ্র সূত্রধর দীর্ঘ ১০ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। প্রবাসে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। তবে সাম্প্রতিক সংঘাতের মধ্যে প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে স্ত্রী ও তিন সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাহরাইনের সাম্প্রতিক পরিস্থিতিতে এ পর্যন্ত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে এবং বাকি মরদেহ দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ যাওয়ার আগে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিবন্ধন করা অত্যন্ত জরুরি। এতে বিপদের সময় সরকারের পক্ষ থেকে আইনি ও আর্থিক সহায়তা পাওয়া সহজ হয়।