ঢাকায় একাধিক আয়োজন ঘিরে যানজটের শ'ঙ্কা, যেসব সড়কে সতর্কতা

ঢাকায় একাধিক আয়োজন ঘিরে যানজটের শ’ঙ্কা, যেসব সড়কে সতর্কতা

জাতীয় ঢাকা

রাজধানীতে একাধিক বড় আয়োজনকে কেন্দ্র করে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এসব এলাকায় যাঁদের যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাঁদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

শনিবার (৭ নভেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত কনসার্ট চলার কথা রয়েছে। এ আয়োজনের কারণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার কথা রয়েছে। ফলে বিকেলে নয়াপল্টন, কাকরাইল, ফার্মগেট, আসাদগেট ও মানিক মিয়া অ্যাভিনিউমুখী সড়কে যানবাহনের চাপ বাড়তে পারে।

অন্যদিকে, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম পুলিশ মহাসমাবেশ। প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশের অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশ ঘিরে বাণিজ্য মেলার মাঠ, তেজগাঁও ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ তৈরি হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যান চলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের তেজগাঁও বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম জানান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেনে কনসার্টের মঞ্চ তৈরি করা হয়েছে। এ কারণে লেনটি বন্ধ রাখা হয়েছে। বিপরীত লেনের মাঝখানে পার্টিশন দিয়ে দুই দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ তুলনামূলক কম থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বিকেলে জনসমাগম বাড়লে পরিস্থিতি বিবেচনায় ট্রাফিক ডাইভারশন দেওয়া হতে পারে।

রফিকুল ইসলাম আরও জানান, প্রয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউ পুরোপুরি বন্ধ করা হলে শ্যামলীর দিক থেকে আসা যানবাহনগুলোকে লেক রোড, খেজুরবাগান ও কলাবাগানের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তবে গাড়ি ঘুরিয়ে না দিয়ে চ্যানেলিংয়ের মাধ্যমে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করবে পুলিশ।

তিনি বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম ডিভিশনসহ পুলিশের বিভিন্ন শাখার সদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলাকালে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পুলিশ দায়িত্ব পালন করবে।