নারী শিক্ষার্থীদের ওপর লা'ঠি'চার্জ, সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

নারী শিক্ষার্থীদের ওপর লা’ঠি’চার্জ, সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

জাতীয় রাজনীতি

দেশের সরকার ব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ প্রশ্ন তোলেন।

শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গভীর রাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশের মাধ্যমে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশেষ করে ছাত্রীদের হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনায় আরও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। এ সময় দেশের সরকার পরিচালনা ও প্রশাসনিক ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণের আহ্বান জানান।