বগুড়ার সদরে স্কুল ব্যাগের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে বগুড়া সদরের টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইশরার হোসেন পাপ্পু নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তর জানতে পারে, ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল মহাসড়কের ওই এলাকায় অবস্থান নেয়।
পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেন পাপ্পুর স্কুল ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। তাঁর কাছে থাকা নেভি-ব্লু রঙের একটি স্কুল ব্যাগের ভেতর থেকে ১৫টি পলিপ্যাকেট উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা।
প্যাকেটগুলোতে মোট ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ছিল ২০০টি করে ট্যাবলেট। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।
ডিএনসির তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করার কথা স্বীকার করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
