ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের সফিপুর অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সফিপুর অংশ থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
হঠাৎ মহাসড়ক অবরোধের কারণে ওই পথে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
