প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাৎটি প্রধান বিচারপতির কার্যালয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়।
এ সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশের বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার।
সারাহ কুক বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও প্রধান বিচারপতির কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন প্রধান বিচারপতির বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ, ১২ দফা নির্দেশনা অনুযায়ী বিচার সেবা স্বচ্ছতা, লিগ্যাল এইড ক্যাপাসিটি টেস্ট, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধির উন্নয়নমূলক কার্যক্রম।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, “আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাজ্য বাংলাদেশের বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবে।”
