ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দুটি বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের পক্ষে এদিন সহকারী পরিচালক রাসেল রনি আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যে দেখা গেছে—সরকারি চাকরিতে থাকা অবস্থায় বিপ্লব কুমার সরকার ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব অবৈধ আয়ের উৎস গোপন করতে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত বিপ্লব কুমার সরকার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার আশঙ্কা রয়েছে। এসব সম্পদ একবার স্থানান্তর হয়ে গেলে ভবিষ্যতে অর্থ উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এ কারণে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ১৪ অনুযায়ী সংশ্লিষ্ট সব ব্যাংক ও বিও হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।
এর আগে, গত ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার, তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার এবং হোসনেয়ারার বোন শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
