ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীর পক্ষে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে তিনি একটি ফটোকার্ড (২১, ১৭, ০৮ লেখা) পোস্ট করে ক্যাপশনে লেখেন— “মেধাবীদের জন্য শুভ কামনা রইল।”
এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বর ব্যালটে জিএস প্রার্থী তানভির বারী হামিম এবং ৮ নম্বর ব্যালটে এজিএস প্রার্থী তানভির আল হাদী মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজনৈতিক দলগুলোর নেতারা ও সাধারণ মানুষ একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন পোস্টের তীব্র সমালোচনা করেন। অনেকে মন্তব্য করেন, “আপনি জনগণের সেবক, কোনো দলের কর্মী নন। যদি রাজনীতি করতে চান, তবে চাকরি ছেড়ে রাজনীতিতে আসুন।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মোবারক হোসাইন বলেন, “একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের পক্ষপাতমূলক বক্তব্য অনভিপ্রেত।”
তবে ওসি মোজাফ্ফর হোসেন দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। তিনি নিজে পোস্ট দেননি এবং এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।
