ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ জানান। একই অভিযোগ করেছেন এই প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।
প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করা হয়, ছাত্রদল প্রচারণা থেকে শুরু করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। বিশেষ করে তাদের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট চাচ্ছেন, এবং এমফিলের নামে ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে।
আব্দুল কাদের বলেন, “নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ দিলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই গরমে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করছে, তবে তা কতটা কাজে আসবে তা নিয়ে সন্দেহ আছে।”
ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮,৯০২। ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
ছাত্র ও ছাত্রী ভোটাররা এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন, এবং প্রতিটি কেন্দ্রে দীর্ঘ ভোটের সারি লক্ষ্য করা গেছে।
