অর্থ মন্ত্রণালয় বাতিল করেছে আগামী মন্ত্রিসভা সদস্যদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব। প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অর্থ মন্ত্রণালয় নতুন সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে। গণমাধ্যমে প্রকাশিত খবর যে অর্থ মন্ত্রণালয় গাড়ি কিনছে, তা সঠিক নয়।”
তিনি আরও জানান, “আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি গাড়ি জব্দ করা হয়েছে। প্রতিটি গাড়ির দাম প্রায় ৫ কোটি টাকা। এই গাড়িগুলো নির্বাচনকালে ব্যবহার করা হবে।”
এছাড়া, আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ জনবল জাপানে প্রেরণ করার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি অর্থ উপদেষ্টার জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হয়েছে। তবে এই প্রক্রিয়ার জন্য জাপানি ভাষার জ্ঞান বাধ্যতামূলক হবে।
