২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ঘোষিত রুটিন অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ বিভিন্ন গণমাধ্যমে এ সময়সূচি প্রকাশ করা হয়।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুযায়ী প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে সম্পন্ন হবে এবং সংশ্লিষ্ট নম্বর অনলাইনে বোর্ডে পাঠাতে হবে।
এছাড়া উত্তরপত্রের ওএমআর ফরম যথাযথভাবে পূরণ, অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধসহ একাধিক গুরুত্বপূর্ণ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী বা প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।
