পশ্চিমা গণমাধ্যমে আত্মগোপনের গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের ওপর কোনো ধরনের সামরিক হামলা হলে তার পরিণতি হবে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ।
সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন নিয়ে বক্তব্য দিতে গিয়ে খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে বলেন, তিনি বারবার দাবি করছেন যে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। তবে ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না এবং ন্যায্য সংঘর্ষে তারা কখনো বিচলিত হয় না।
খামেনি বলেন, ইরান কখনোই সংঘাতের সূচনা করে না। কিন্তু কেউ যদি আক্রমণ চালায়, তাহলে তার জবাব হবে কঠোর ও শক্তিশালী। তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তাহলে এবার সেটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে।
এদিকে চলমান এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পথ খুঁজে পাওয়া সম্ভব হবে।
