আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার ভাষণ সম্প্রচার করবে বলে জানানো হয়েছে।
একই দিনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচার হওয়ার কথা রয়েছে। জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে প্রচার হতে পারে।
এর আগে রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। সেদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ প্রচারিত হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
