চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক-এ গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা মো. রমিজ।
এর আগে রোববার সকালে ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা। পরে তাকে মা-বাবার সঙ্গে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার দিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা।
পুলিশ জানিয়েছে, শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়। সেখান থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত কম বয়সী একটি শিশু কীভাবে একা ইকোপার্কের গভীরে পৌঁছাল, তাকে কেউ তুলে নিয়ে গেছে কি না অথবা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে কি না—এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
