উত্তর কোরিয়ার প্রায় ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়ার প্রায় ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে ঘিরে উত্তেজনার মধ্যেই জাপান সাগরের দিকে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।

জেসিএস এক বিবৃতিতে জানায়, বিকাল ১টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা প্রায় দশটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সিউলের সামরিক বাহিনী।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়, সম্ভবত উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এ ঘটনা এমন সময়ে ঘটলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। কয়েক দশক ধরে ওয়াশিংটন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের চেষ্টা চালিয়ে আসলেও শীর্ষ সম্মেলন, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ তেমন কোনো ফল আনতে পারেনি।

ট্রাম্প প্রশাসন আবারও পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করতে আগ্রহী। ধারণা করা হচ্ছে, চলতি বছর কিম জং উনের সঙ্গে একটি সম্ভাব্য শীর্ষ বৈঠক আয়োজনের চেষ্টা চলছে, যা ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরের সময় হতে পারে।

এদিকে সিউল ও ওয়াশিংটন সোমবার তাদের বসন্তকালীন যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করেছে। এতে প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরিয়ান সেনা অংশ নিচ্ছে এবং মহড়াটি ১৯ মার্চ পর্যন্ত চলবে।

এই মহড়াকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিম জং উনের বোন ও ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ো জং বলেছেন, এই যৌথ মহড়া ‘অকল্পনীয় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে’।

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি কিম জং উন বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই এবং তারা দেশটিকে একই জাতির অংশ হিসেবে বিবেচনা করবে না।