হ'ত্যা মা'ম'লা'য় গ্রে'প্তা'র সাবেক ছাত্রলীগ নেতা মশিউর

হ’ত্যা মা’ম’লা’য় গ্রে’প্তা’র সাবেক ছাত্রলীগ নেতা মশিউর

বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মো. সাকিল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন মশিউরকে আদালতে হাজির করা হলে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মশিউর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে তিনি অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তদন্তের স্বার্থে তাকে এ মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো প্রয়োজন বলে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মিরপুর-১০ গোলচত্বরে চলমান ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হন মো. সাকিল। দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর অজ্ঞাতনামা প্রায় ৩০০ জন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। এতে সাকিল গুলিবিদ্ধ হন।

প্রথমে তাকে মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হয়ে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকেল ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ ভোলায় নিয়ে গিয়ে ৯ আগস্ট রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।