সরকারের নানা পদক্ষেপের পরও রাজধানীতে জ্বালানি তেলের সংকট কাটছে না। পেট্রোল পাম্পগুলোতে তেল না মিললেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ পাম্পে তেলের সরবরাহ নেই।
কোথাও পাম্প বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। তেল সংগ্রহ করতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক তেল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে পরিস্থিতি অনেকটা অঘোষিত সংকটে রূপ নিয়েছে।
চালকদের অভিযোগ, পর্যাপ্ত তদারকির অভাবেই খোলা বাজারে এখনও বাড়তি দামে তেল বিক্রি হচ্ছে। এতে সাধারণ ভোক্তারা ভোগান্তিতে পড়ছেন।
এদিকে, ফুয়েল কার্ড বা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া অনেক চালককে তেল সরবরাহ করছে না পাম্প কর্তৃপক্ষ, যা সংকটকে আরও জটিল করে তুলছে।
