ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি এই যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখছেন কি না। জবাবে ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে বলেন, “এটি একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়। ১০০ শতাংশ। এতে কোনো প্রশ্নের অবকাশ নেই।”
পারমাণবিক ইস্যু ও ইউরেনিয়াম ব্যবস্থাপনা প্রতিবেদনে উল্লেখ করা হয়, যেকোনো স্থায়ী শান্তিচুক্তির আওতায় ইরানের অবশিষ্ট পারমাণবিক উপাদানগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে। যদিও ইউরেনিয়াম কীভাবে ব্যবস্থাপনা করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেননি ট্রাম্প, তবে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সবকিছুই পুরোপুরি সমাধান করা হবে। যদি সমাধানের পথ পরিষ্কার না থাকতো, তবে আমি এই চুক্তিতে যেতাম না।”
যুদ্ধবিরতির নেপথ্যে বড় শর্ত উল্লেখ্য যে, ইরানে ‘নরক নামিয়ে আনার’ ক্রমাগত হুমকির পর নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে নাটকীয়ভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হন ট্রাম্প। তবে এই সাময়িক স্বস্তির পেছনে একটি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধবিরতি ততক্ষণই কার্যকর থাকবে যতক্ষণ ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত রাখবে। যদি এই শর্ত ভঙ্গ হয়, তবে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।
