কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রবাসী এক যুবকের বিরুদ্ধে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে এবং একাধিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারী গ্রামে অভিযুক্ত যুবকের বাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা অভিযুক্তের ছবিসংবলিত পোস্টার ও ফেস্টুন নিয়ে ‘বর তুমি কার?’ স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের নামে প্রতারণা এবং একাধিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ সামাজিক ও পারিবারিক মূল্যবোধের ওপর আঘাত হানছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আবেদ আলী দর্জির ছেলে বাবু মিয়া দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসে রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি একই গ্রামের জয়নাল দর্জির মেয়ে জিম খাতুনকে মোবাইল ফোনে বিয়ে করেন। কলেজপড়ুয়া ওই তরুণীর সঙ্গে ভিডিও কলে বিয়ের আয়োজন করা হলেও তা কোনো কাজী অফিসে নিবন্ধিত হয়নি।
অভিযোগ অনুযায়ী, বিয়ের পর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এবং দেশে ফিরে সংসার শুরু করার আশ্বাস দেওয়া হয়। তবে পরে একই ব্যক্তির বিরুদ্ধে পার্শ্ববর্তী নওদাবশ গ্রামের সিরাজুল হকের মেয়ে শিরীনা খাতুনের সঙ্গেও একইভাবে বিয়ের অভিযোগ উঠে। তিনিও একজন শিক্ষার্থী।
ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে। পাশাপাশি স্থানীয় কয়েকজনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে এর সুষ্ঠু সমাধান দাবি করেছেন। বড়লই গ্রামের ইউপি সদস্য মাহবুল হক খন্দকার বলেন, এতে সংশ্লিষ্ট পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে।
বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান, বিষয়টি তার জানা নেই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
