ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও তিনজন। সোমবার (১৩ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে এ হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে দেড় বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীমান্ত এলাকায় চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবেও অঞ্চলটি বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৫৫ জন নিহত এবং অন্তত ৬ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানায়, সোমবার স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে কিরিয়াত শমোনা এবং রাত ২টা ৪৫ মিনিটে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালানো হয়।
হিজবুল্লাহ আরও দাবি করেছে, গত এক দিনে উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক ঘাঁটি, বসতি ও অবকাঠামো লক্ষ্য করে তারা ৪৩টি হামলা চালিয়েছে। তাদের দাবি, ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের পাল্টা হামলা অব্যাহত থাকবে।
অন্যদিকে আরুৎজ শেভা মিডিয়া নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে রকেট হামলায় ইসরায়েলের একটি অভিজাত প্যারাট্রুপার ইউনিটের দুই সৈন্য আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্প্লিন্টারের আঘাতে আহত ওই দুই সৈন্যকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।
