তুরস্কের কাহরামানমারাস শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর গুলিতে আট শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিশ্চিত করেছে।
জানা গেছে, হামলাকারী ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। সে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও সাতটি ম্যাগাজিন নিয়ে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আট শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হন।
হামলার পর অভিযুক্ত শিক্ষার্থী নিজের ওপরও গুলি চালিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো তার বাবার, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় হামলাকারীর বাবাকে আটক করেছে পুলিশ।
এর মাত্র একদিন আগে তুরস্কের সানলিউরফা প্রদেশের একটি স্কুলে আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানে এক সাবেক শিক্ষার্থীর হামলায় আহত হন ১৬ জন। ওই হামলাকারীও পরে আত্মহত্যা করে।
পরপর দুই দিনের স্কুল হামলার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তুরস্ক সরকার।
