সারা দেশেই ফুয়েল পাসের চিন্তা সরকারের

সারা দেশেই ফুয়েল পাসের চিন্তা সরকারের

জাতীয়

দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও নিয়ন্ত্রিত করতে রাজধানী ঢাকার কয়েকটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ।

প্রাথমিকভাবে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য এই সেবা চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য যানবাহনকেও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকার ৭টি ফিলিং স্টেশনে পাইলট প্রকল্প হিসেবে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

পর্যায়ক্রমে আরও ১০ থেকে ১৫টি স্টেশনে এই সেবার পরিধি বাড়ানো হবে। রাজধানীর পর চট্টগ্রামেও এই ডিজিটাল পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে জ্বালানি মন্ত্রণালয়ের আইটি বিশেষজ্ঞরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন। মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মে মাসের মধ্যে দেশের সব জেলায় ধাপে ধাপে ‘ফুয়েল পাস’ চালুর পরিকল্পনা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কিছু স্টেশনে অ্যাপটির ব্যবহার শুরু হলেও অধিকাংশ জায়গায় এখনো প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কাজ চলছে। কয়েকটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরাসরি গিয়ে অ্যাপ ব্যবহারের নিয়ম শিখিয়ে দিচ্ছেন, ফলে খুব দ্রুতই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

এই অ্যাপের তথ্য যাচাইয়ের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্যভান্ডারের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মেট্রো এলাকায় নিবন্ধিত মোটরসাইকেলগুলোই এই অ্যাপে নিবন্ধন করতে পারছে। শুরুতে কিছু প্রযুক্তিগত সমস্যা থাকলেও তা ধীরে ধীরে সমাধান করা হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখার প্রোগ্রামার মো. মাফরুল আলম জানান, এখনো আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল পাস’ চালু হয়নি; পরীক্ষামূলকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সফলভাবে বাস্তবায়ন করা গেলে পরে ফিলিং স্টেশনগুলোতে আলাদা লাইন চালু কিংবা সম্পূর্ণভাবে অ্যাপভিত্তিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ফুয়েল পাস চালু হলে একই যানবাহন দিনে একাধিকবার তেল নিতে পারবে না, ফলে জ্বালানি অপচয় ও অনিয়ম কমবে। পাশাপাশি বিআরটিএ নিবন্ধন ছাড়া কোনো যানবাহন এই সুবিধা পাবে না। নির্ধারিত সীমার বাইরে তেল নেওয়াও বন্ধ করা সম্ভব হবে।

সরকারের আশা, ‘ফুয়েল পাস’ অ্যাপ চালুর মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে, ভোগান্তি কমবে এবং তেল সরবরাহে নিয়ন্ত্রণ নিশ্চিত হবে।