জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনা তাকে বহু ধরনের লোভ দেখিয়েছিলেন, তবে তিনি তা গ্রহণ করেননি। তিনি বলেন, যদি তিনি তার কথা শুনতেন, তাহলে তার অবস্থান আরও উপরে থাকত।
আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলার সার্কিট হাউসে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, তিনি কোনো দিন ব্যক্তিগত সুবিধা বা লোভের পথে যাননি। তিনি বলেন, তার বয়স এখন ৮০ বছর, তাই এসব বিষয়ে আর আগ্রহ নেই। তিনি আরও জানান, জীবনের শুরু থেকেই তিনি জিয়া পরিবারের আদর্শের প্রতি অনুগত ছিলেন।
তিনি বলেন, তিনি একা পথ চলেছেন এবং যখন যা সত্য মনে হয়েছে, সেটাই প্রকাশ করেছেন। এ কারণে অনেক সময় তাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং দল ত্যাগ করার কথাও বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্পিকার আরও বলেন, তিনি জেনারেল জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছেন এবং বেগম খালেদা জিয়া তাকে স্নেহ করতেন। তিনি বলেন, তিনি সব সময় জিয়া পরিবার ও তাদের আদর্শের প্রতি অনুগত ছিলেন।
তিনি জানান, দলে তিনি দীর্ঘ সময় সিনিয়র অবস্থানে ছিলেন, কিন্তু অনেকেই তার আগে স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন। তিনি এসব বিষয়ে কখনো অভিযোগ করেননি, বরং এলাকার মানুষের ভোট ও সংসদে যাওয়াকেই গুরুত্ব দিয়েছেন বলে জানান।
স্পিকার হাফিজ উদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার সঙ্গে তিনি মাত্র দুই দিন কথা বলেছেন, কিন্তু এরপর আর কখনো সরাসরি যোগাযোগ হয়নি। তবুও তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ পদে মনোনীত করায় তিনি কৃতজ্ঞতা জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্যসচিব মো. রাইসুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
