দেশে আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৭৯৭

দেশে আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৭৯৭

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭ জনে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ জন শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন ৭০২ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জন।

এ সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৪১১ জন।