আগামীকাল শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

আগামীকাল শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

শিক্ষা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ জন শিক্ষার্থী। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে এবং ৭ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হবে।

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে শিক্ষা বোর্ডগুলো গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে জরুরি নির্দেশনা জারি করেছে। এবার দেশের ৩ হাজার ২০৯টি পরীক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নকল প্রতিরোধে বাড়তি নজরদারি থাকায় পরীক্ষা ব্যবস্থায় ভিন্ন ধরনের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, অনেক কেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা ছিল, আর নতুন কেন্দ্রগুলোর সচিবদেরও এ বিষয়ে বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়েছে।

দেশের ৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। এমন সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর বিভিন্ন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, অনেক শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সিসি ক্যামেরা নিয়ে ভীতি তৈরি হয়েছে। অতিরিক্ত চাপের কারণে শিক্ষার্থীদের মধ্যে মানসিক উদ্বেগও বাড়ছে। তার মতে, পরীক্ষার চেয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের দিকেই বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সম্প্রতি ‘নীরব বহিষ্কার’ নীতি বাতিল করা ইতিবাচক সিদ্ধান্ত হলেও এখনো কিছু অপ্রয়োজনীয় নিয়ম রয়ে গেছে। শিক্ষার্থীদের প্রকৃত শেখা ও ন্যায্য মূল্যায়নের দিকে নজর দিতে হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষকরা সঠিকভাবে পাঠদান করলে শিক্ষার্থীদের ফলাফলও ভালো হবে।