এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফল অনুযায়ী, পাসের হারে সবার ওপরে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার মাদরাসা শিক্ষা বোর্ডে, ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
বোর্ডভিত্তিক পাসের হার
- ঢাকা: ৭১.৬৩ শতাংশ
- যশোর: ৬৬.২৭ শতাংশ
- কুমিল্লা: ৬৫.৪২ শতাংশ
- রাজশাহী: ৬৩.৬৭ শতাংশ
- বরিশাল: ৬০.৩৫ শতাংশ
- চট্টগ্রাম: ৫৯.৪৮ শতাংশ
- কারিগরি: ৫৮.২০ শতাংশ
- সিলেট: ৫৮.৩৩ শতাংশ
- দিনাজপুর: ৫৮.০৫ শতাংশ
- ময়মনসিংহ: ৫৭.৩৯ শতাংশ
- মাদরাসা: ৫৫.৪৯ শতাংশ
এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। এছাড়া ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি
এসএসসি ও সমমানে উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার একাদশ শ্রেণিতে ভর্তি হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পুরনো পদ্ধতিই অনুসরণ করা হবে। অর্থাৎ মার্ক বা জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
