জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত এই ভাড়া কার্যকর না করলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়া ঘোষণা করেন সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, নির্ধারিত ভাড়া বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম হলে সরকার কঠোর অবস্থান নেবে।
মন্ত্রী বলেন, বিআরটিএ নির্ধারিত নতুন ভাড়ার বিষয়ে আলোচনা শেষে যে সিদ্ধান্ত হয়েছে, বাস মালিকরা তা মেনে চলার অঙ্গীকার করেছে। তিনি আশা প্রকাশ করেন, মালিকপক্ষ এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করবে।
তিনি আরও বলেন, বাস মালিকরা যদি এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, তাই আগে থেকে এ নিয়ে সন্দেহ না করারও আহ্বান জানান তিনি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৪২ পয়সা। এতে মহানগর এলাকায় বাসভাড়া বেড়েছে ৪ দশমিক ৪৫ শতাংশ।
অন্যদিকে দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৫ দশমিক ১৯ শতাংশ।
নতুন এই ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীদের পরিবহন ব্যয় বাড়লেও সরকার বলছে, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
