যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

জাতীয়

যুদ্ধবিধ্বস্ত ইরানের আহত জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এই সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ইরানে পাঠানো এই চিকিৎসা সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

এর আগে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে আহতদের চিকিৎসা সহায়তার জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্দেশ্যে গত ৬ এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সহায়তা হস্তান্তরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই দুঃসময়ে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের প্রতি ধন্যবাদ জানান।