কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

জাতীয়

উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্র রিজওয়ান রশীদের তৈরি গো-কার্ট (রেসিং কার) চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন এবং নিজেই সেটি চালিয়ে তরুণ উদ্ভাবককে উৎসাহ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

জানা যায়, কলেজছাত্র রিজওয়ান রশীদ এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকা ও স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্টটি তৈরি করেন। প্রায় দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই রেসিং কারটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ নকশায় নির্মিত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ তরুণ উদ্ভাবকদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এমন উৎসাহ তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনে আরও আগ্রহী করে তুলবে।

রিজওয়ান রশীদের এই উদ্ভাবন ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। স্বল্প খরচে স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে এমন উদ্ভাবন দেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতার উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।