এইচএসসি পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফলে পরিবর্তন

এইচএসসি পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফলে পরিবর্তন

জাতীয় শিক্ষা

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।

বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে জানা যাবে, নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছেন এবং কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।