যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে গুলির ঘটনার অভিযুক্ত কোল টমাস অ্যালেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজনৈতিকভাবে ডেমোক্র্যাটদের সমর্থক ছিলেন এবং গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারাভিযানে আর্থিক অনুদান দিয়েছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
৩১ বছর বয়সী অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক। পুলিশ জানিয়েছে, হামলার আগে তিনি হিলটন হোটেলে একটি কক্ষ ভাড়া নিয়ে অতিথি হিসেবে অবস্থান করছিলেন।
ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে তিনি ডেমোক্র্যাটদের তহবিল সংগ্রহ প্ল্যাটফর্ম অ্যাক্টব্লুতে ২৫ ডলার অনুদান দেন, যা পরে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হয়।
শিক্ষাগতভাবে অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে ক্যাল স্টেট ডোমিঙ্গেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এফবিআই জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি দীর্ঘ অস্ত্র, গুলির খোসা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তের কাছে শটগান, হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে।
ঘটনার সময় হোটেলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে প্রবেশ করে গুলি চালান তিনি। পরে দ্রুত তাকে আটক করা হয়। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হলেও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে ‘অসুস্থ আচরণ’ বলে মন্তব্য করেছেন। এদিকে ফেডারেল প্রসিকিউটর জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে আরও অভিযোগ যুক্ত হতে পারে।
