বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা অ্যামনেস্টিসহ মানবাধিকার সংস্থাগুলোর

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা অ্যামনেস্টিসহ মানবাধিকার সংস্থাগুলোর

খেলাধুলা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি মানবাধিকার সংস্থা। তাদের আশঙ্কা, দেশটির কঠোর অভিবাসন নীতি ও সাম্প্রতিক সহিংস পরিস্থিতির কারণে বিশ্বকাপ দেখতে যাওয়া বিদেশি দর্শকরা নানা ধরনের হয়রানির মুখে পড়তে পারেন।

সংস্থাগুলোর মতে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দর্শকদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম তল্লাশি, এমনকি অযৌক্তিকভাবে আটকে রাখার ঘটনাও ঘটতে পারে। বিশেষ করে লস অ্যাঞ্জেলস, শিকাগো ও মিনিয়াপোলিসের মতো বড় শহরগুলোতে এমন ঝুঁকি বেশি বলে উল্লেখ করা হয়েছে।

যদিও এ বিষয়ে ফিফা জানিয়েছে, দর্শকদের নিরাপত্তা এবং মানবাধিকার সুরক্ষায় তারা আয়োজক দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের অংশগ্রহণে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই মানবাধিকার সংস্থাগুলোর এমন সতর্কবার্তা দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।