পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা

পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে এখন শুরু হয়েছে ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি উভয় পক্ষই নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করছে।

প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১১০টির বেশি আসন পাবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দাবি, তারা ১৩০টির বেশি আসনে জয়ী হবে। এদিকে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি দুই-তৃতীয়াংশ আসন না পেলে বিধায়ক কেনাবেচার মাধ্যমে সরকার ভাঙার চেষ্টা করতে পারে। তিনি দাবি করেন, অতীতেও মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে এ ধরনের ঘটনা ঘটেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, বাকি আসনগুলোতে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে হবে, যাতে সরকার স্থিতিশীল থাকে।

তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনিই সরকার পরিচালনা করবেন এবং জনগণের সমর্থন নিয়েই এগিয়ে যেতে চান।
অন্যদিকে বিজেপি শিবির রাজ্যে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে এখনো তারা কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। ফলে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা চলছে।

এদিকে ভবানীপুর আসনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী শিবিরের মধ্যে এই আসনটি বর্তমানে সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং দ্বিতীয় দফার ভোটের দিকে তাকিয়ে রয়েছে উভয় শিবির।