জামালপুরে বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃ'ত্যু

জামালপুরে বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃ’ত্যু

দেশ জুড়ে ময়মনসিংহ

জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও তার দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাতে তারা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় আকস্মিক বৈশাখী ঝড়ে ঘরের পাশে থাকা চারটি গাছ উপড়ে গিয়ে বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও দুই মেয়ের মৃত্যু হয়।

সোমবার সকালে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, নিহতদের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।