জাহাজ চলাচল সীমিত করা এবং হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের সম্পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর কার্যক্রমকে “ভণ্ডামি” ও “জলদস্যুতার” সঙ্গে তুলনা করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নেবেনজিয়া বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে উপকূলীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়।
তিনি আরও দাবি করেন, ইরানকে এককভাবে দায়ী করার চেষ্টা করা হচ্ছে যেন দেশটি নিজ প্রতিবেশীদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
জাতিসংঘে দেওয়া বক্তব্যে রুশ রাষ্ট্রদূত পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কৃষ্ণসাগরে রুশ বাণিজ্যিক জাহাজে ইউক্রেনীয় হামলাকে সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
তিনি আরও বলেন, একতরফা ও জবরদস্তিমূলক পদক্ষেপের অজুহাতে পশ্চিমা দেশগুলো তাদের বেআইনি কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে। তার ভাষায়, এসব কর্মকাণ্ড “জলদস্যুদের আচরণের মতো”।
