পেট্রোলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের, না মানলে ‘বড় সমস্যার’ হুঁশিয়ারি

পেট্রোলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের, না মানলে ‘বড় সমস্যার’ হুঁশিয়ারি

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জ্বালানি খুচরা বিক্রেতাদের দ্রুত পেট্রোলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দাম না কমালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ‘বড় সমস্যার’ মুখোমুখি হতে হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

পোস্টে ট্রাম্প লেখেন, “জ্বালানির খুচরা বিক্রেতাদের অবশ্যই অবিলম্বে পেট্রোলের দাম কমাতে হবে।”

তিনি আরও বলেন, “মূল্য নিয়ে কোনো ধরনের অযৌক্তিক মুনাফা সহ্য করা হবে না। এটি সম্পূর্ণ বেআইনি। খুচরা বিক্রেতারা যদি এটি না করে, তাহলে তাদের জন্য বড় সমস্যা অপেক্ষা করছে।”

এ সময় প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় ২ দশমিক ৫০ ডলারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য এসেছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমার সুবিধা দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে দিতে এবং খুচরা বাজারে দাম কমাতে চাপ সৃষ্টি করতেই এমন বার্তা দিয়েছেন ট্রাম্প।