সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদপ্তর’-এর নামে গবাদিপশু (গরু) আমদানির যে অনুমতিপত্র ছড়ানো হচ্ছে, তা ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ওই অনুমতিপত্রটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে এবং এর সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো সরকারি অনুমোদন বা প্রক্রিয়ার মিল নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট অনুমতিপত্রটি অধিদপ্তর থেকে ইস্যু করা হয়নি। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষর যাচাইযোগ্য নয় এবং এটি কোনো বৈধ সরকারি নথি হিসেবে গণ্য হবে না।
এ অবস্থায় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে যাচাই ছাড়া এ ধরনের নথির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভুয়া তথ্য শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার অনুরোধও করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। সঠিক তথ্য জানতে প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
