চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২ মে) সকাল পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ হজ অফিস।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১০৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
এছাড়া সৌদি আরবের মেডিকেল টিম সরাসরি ৮ হাজার ১৫ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ২৪০ জন হজযাত্রী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের জন্য ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৬৬ জন, সৌদি এয়ারলাইনস ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ১৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৭ জন হজযাত্রী পরিবহন করেছে।
এর আগে গত ১৭ এপ্রিল রাতে প্রথম হজ ফ্লাইটে ৪১৮ জন যাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়েন।
