শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় উদ্বিগ্ন মহিলা পরিষদ

শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় উদ্বিগ্ন মহিলা পরিষদ

জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের তদারকি জোরদার, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শিশুদের নিখোঁজ ও গুমের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গণমাধ্যমে প্রকাশিত এবং পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শিশু নিখোঁজের ঘটনায় বিপুলসংখ্যক সাধারণ ডায়েরি করা হয়েছে।

তথ্য অনুযায়ী, এ সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিখোঁজ হওয়ার ঘটনায় ১৫ হাজার ২৪৩টি সাধারণ ডায়েরি করা হয়। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক হাজার ৯৭০ জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

অন্যদিকে পুলিশের প্রকাশিত আরেক হিসাবে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শিশু নিখোঁজের ঘটনায় মোট ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে গেছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন শিশু।

বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, দীর্ঘদিন ধরে শিশুদের সন্ধান না পাওয়ার ঘটনায় তাদের মানবপাচারকারী কোনো চক্রের হাতে পড়া কিংবা অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে শিশু ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

সংগঠনটির মতে, বাড়ির আঙিনায় খেলাধুলার সময়, বিদ্যালয় থেকে ফেরার পথে, নানা ধরনের প্রলোভনে কিংবা অপরিচিত এলাকায় গিয়ে পথ হারিয়ে অনেক শিশু নিখোঁজ হচ্ছে। এসব ঘটনার পেছনের কারণ চিহ্নিত করার পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনকে নিবিড়ভাবে তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে শিশু নিখোঁজের পেছনে থাকা অপরাধী সিন্ডিকেট শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।