ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!

বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে চলমান মামলায় গুরুত্বপূর্ণ রায় আসতে পারে, যা তাদের প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন আনতে পারে।

অভিযোগে বলা হয়েছে, মেটা তাদের প্ল্যাটফর্ম এমনভাবে ডিজাইন করেছে যাতে কিশোর-কিশোরীরা দীর্ঘ সময় ধরে এতে আসক্ত থাকে এবং শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে। মামলাটি করেছে নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আদালত এখন যাচাই করছে, মেটার কার্যক্রম জনস্বার্থের জন্য ক্ষতিকর ‘পাবলিক নিউসেন্স’ তৈরি করেছে কি না। অভিযোগ প্রমাণিত হলে অ্যালগরিদম পরিবর্তন, বাধ্যতামূলক বয়স যাচাই এবং আসক্তিমূলক ফিচার বন্ধের মতো কঠোর নির্দেশ আসতে পারে।

এর আগে একই মামলার একটি ধাপে মেটাকে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়। এবার দ্বিতীয় ধাপে প্রায় ৩৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হতে পারে, যা শিশুদের মানসিক স্বাস্থ্য কর্মসূচিতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

তবে মেটা এসব অভিযোগকে অতিরঞ্জিত বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম সরাসরি মানসিক ক্ষতির কারণ—এমন কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। পাশাপাশি তারা সতর্ক করেছে, কঠোর শর্ত আরোপ করা হলে নির্দিষ্ট এলাকায় সেবা বন্ধ করার বিষয়টিও বিবেচনায় নিতে হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই মামলার রায় শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বরং বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালায় বড় প্রভাব ফেলতে পারে।