তামিলনাড়ুতে বিজয়ের উত্থান, সংখ্যাগরিষ্ঠতার পথে টিভিকে

তামিলনাড়ুতে বিজয়ের উত্থান, সংখ্যাগরিষ্ঠতার পথে টিভিকে

আন্তর্জাতিক

মাত্র দুই বছরের রাজনৈতিক যাত্রায় তামিলনাড়ুর রাজনীতিতে বড় আলোড়ন তুলেছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তাঁর গড়া দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এবারের বিধানসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই সাফল্যে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বিজয়ের বাবা ও প্রখ্যাত নির্মাতা এস এ চন্দ্রশেখর। তিনি বলেন, এটি হঠাৎ পাওয়া সাফল্য নয়; দীর্ঘদিনের পরিকল্পনা ও স্বপ্নের ফল। গত ৩০ বছর ধরেই তামিলনাড়ুর জন্য কিছু করার ইচ্ছা ছিল বিজয়ের, যা এখন বাস্তব রূপ নিচ্ছে।

চন্দ্রশেখর জানান, রাজনীতিতে আসার পর থেকেই বিজয়ের আত্মবিশ্বাস ছিল দৃঢ়। জোট না করে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে তিনি ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। ২০২৪ সালে দল গঠনের সময় থেকেই বিজয় ঘোষণা দেন, তিনি নিজের শক্তিতেই লড়বেন।

২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। এখন পর্যন্ত টিভিকে প্রায় ১০৮ আসনে জয় পেয়েছে এবং আরও কয়েকটি আসনে এগিয়ে থেকে একক বৃহত্তম দল হিসেবে অবস্থান করছে। ফলে জোট সমর্থন পেলে সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল।

বিজয়ের জনপ্রিয়তার কারণ হিসেবে তাঁর বাবা বলেন, তামিলনাড়ুর মানুষ তাঁকে শুধু নেতা নয়, পরিবারের একজন সদস্য হিসেবে দেখেন। এই আবেগঘন সংযোগই নির্বাচনে বড় ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, বিজয়ের সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও পেশাদারিত্ব। চলচ্চিত্র জগতে তাঁর সময়নিষ্ঠা ও নিষ্ঠা সবার কাছেই স্বীকৃত।

পরিবার সূত্রে জানা গেছে, বিজয়ের মা শোভা চন্দ্রশেখরও ছেলের এই সাফল্যে আনন্দিত এবং তাঁর নেতৃত্বে রাজ্যে বড় পরিবর্তনের আশা করছেন।
বিশেষজ্ঞদের মতে, এই ফলাফল তামিলনাড়ুর দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিক হিসেবে বিজয়ের উত্থান এখন এন টি রামা রাও, এম জি রামাচন্দ্র ও জে ললিতার মতো নেতাদের ধারাবাহিকতায় নতুন অধ্যায় তৈরি করছে।