এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে ওঠার সমীকরণটা পরিষ্কার ছিল ওমানের সামনে। কোয়ার্টারের টিকিট পেতে জিততেই হত তাদের।কিন্তু তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিল বৃষ্টি। মাঠেই নামার সুযোগ না পেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ওমানকে। অন্যদিকে গ্রুপ সেরা হয়ে শেষ আটে বাংলাদেশের মুখোমুখি হওয়া নিশ্চিত করল মালয়েশিয়া।
নিশিনে শনিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ওমান ও মালয়েশিয়ার।
তবে টানা বৃষ্টির কারণে ম্যাচের টসও করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয় দু’দলকে। এতেই কপাল খোলে মালয়েশিয়ার।
দুই ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখল মালয়েশিয়া।
সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়ে শেষ আটে উঠেছে হংকং, চায়না। আর ২ ম্যাচে মাত্র ১ পয়েন্টে সন্তুষ্ট থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ওমানকে।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসরের শীর্ষ চার দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি খেলছে কোয়ার্টার-ফাইনালে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার প্রতিপক্ষ এখন বাংলাদেশ। আর এই গ্রুপের রানার্স-আপ হংকং লড়বে পাকিস্তানের বিপক্ষে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ পর্যন্ত মাত্র একবারই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মালয়েশিয়া। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের সেই কোয়ার্টার-ফাইনালেই মালয়েশিয়াকে রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল টাইগাররা।
এদিকে শনিবার সকালে বৃষ্টিতে পণ্ড হয়েছে নেপাল ও জাপানের ম্যাচটিও। ম্যাচ ভেস্তে যাওয়ায় আসর থেকে বিদায় নিয়েছে জাপান। শেষ আটে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর অন্য কোয়ার্টার-ফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান।
আগামী মঙ্গলবার নিশিনে বাংলাদেশ সময় সকাল ১১টায় চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন ভোর ৬টায় সেমি-ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা। এর আগে সোমবার ভোরে প্রথম কোয়ার্টার-ফাইনালে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান এবং বেলা ১১টায় মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।
