ভারতের তামিলনাড়ু রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। অভিনেতা-রাজনীতিবিদ বিজয়-এর দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে।
২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সে হিসেবে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০টি আসন পিছিয়ে ছিল টিভিকে। এই অবস্থায় ভারতীয় জাতীয় কংগ্রেস দলটিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সমর্থন পুরোপুরি নিঃশর্ত নয়। কংগ্রেস নতুন মন্ত্রিসভায় দুটি মন্ত্রী পদ ও কিছু সরকারি বোর্ডের চেয়ারম্যান পদ চাইতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
দীর্ঘদিন ধরে দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (ডিএমকে) এবং এআইএডিএমকে-এর দখলে থাকা তামিলনাড়ুর রাজনীতিতে এবার নতুন শক্তির উত্থান ঘটেছে। ১৯৬৭ সালের পর এই প্রথমবার ঐতিহ্যবাহী দুই দলের বাইরে অন্য কোনো দল সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
চেন্নাইয়ে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর জানা গেছে, আগামী ৭ মে বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তার সঙ্গে আরও ৯ জন মন্ত্রীও শপথ নিতে পারেন।
এদিকে টিভিকে কংগ্রেস ছাড়াও বামপন্থী দল, ভিসিকে ও আইইউএমএলসহ ছোট দলগুলোর সঙ্গে জোট গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছে। এসব দলের সমর্থন পেলে একটি স্থিতিশীল সরকার গঠন সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই জোট সফল হলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। চলচ্চিত্র জগতের জনপ্রিয় ‘থালাপতি’ এবার বাস্তব রাজনীতিতে শাসকের ভূমিকায় আসতে যাচ্ছেন—এটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
