জামিন নিতে আ'দা'লতে এসে সাংবাদিককে গালা'গালির অভিযোগ পরীমনির বিরুদ্ধে

জামিন নিতে আ’দা’লতে এসে সাংবাদিককে গালা’গালির অভিযোগ পরীমনির বিরুদ্ধে

আইন-আদালত বিনোদন

আদালতে জামিন নিতে এসে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে গালাগালির অভিযোগ উঠেছে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

উপস্থিত একাধিক সাংবাদিকের বরাতে জানা গেছে, আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় গাড়িতে উঠতে গেলে এক সাংবাদিকের দিকে তেড়ে যান পরীমনি। এ সময় ওই সাংবাদিককে টেনে কাছে এনে তিনি প্রশ্ন করেন, কেন তার গায়ে হাত দেওয়া হয়েছে।

জবাবে সাংবাদিক জানান, তিনি পরীমনির গায়ে হাত দেননি; বরং অভিনেত্রী তার ট্রাইপড ভেঙে ফেলেছেন। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতেও ঘটনার কিছু অংশ দেখা গেছে।

সাংবাদিক নিজের মোবাইল ফোন টান দেওয়ার বিষয়ে জানতে চাইলে পরীমনি তাকে গালাগাল করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার দেহরক্ষীদের বিরুদ্ধেও সাংবাদিককে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে পরীমনিকে গাড়িতে তুলে দেওয়া হয়।

এর আগে পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে আদালতে আসা এক বিচারপ্রার্থীকে মারধর করে আহত করার অভিযোগও উঠেছিল।

ঘটনার বিষয়ে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাগুলো তিনি নিজে দেখেননি। তবে এমন কিছু ঘটে থাকলে তা অনাকাঙ্ক্ষিত। আদালত প্রাঙ্গণে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।