দেশে হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

জাতীয়

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মৃতদের মধ্যে ঢাকা ও বরিশালে ৬ জন, খুলনায় ২ জন এবং সিলেটে ১ জন রয়েছে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সেখানে নতুন করে ভর্তি হয়েছে ৪৩ জন রোগী। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ২৯ জন।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৯ জন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৯৭ জন রোগী। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৯ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন।

এ ছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন। রোগীর চাপ সামাল দিতে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।