পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান রাজ্যপাল আর. এন. রবি। শপথ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।
একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। শুভেন্দু অধিকারীর পর পর্যায়ক্রমে তারা শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঞ্চে উঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া আসাম, উত্তরপ্রদেশ ও অন্ধ্র প্রদেশসহ ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেন।
