এবার পদক পাচ্ছেন যারা

এবার পদক পাচ্ছেন যারা

জাতীয়

চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল রবিবার (১০ মে)। উদ্বোধনী দিনেই সাহসিকতা, বীরত্ব ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১০৭ কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পদকের জন্য মনোনীত কর্মকর্তা ও সদস্যদের পুলিশ সপ্তাহ শুরুর আগেই রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠিতে ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষর করেছেন।

চিঠিতে পদকপ্রাপ্ত ১০৭ জনের নাম, পদবি ও ঠিকানাও সংযুক্ত করা হয়েছে। তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে পদকপ্রাপ্ত সদস্য সংখ্যায় পরিবর্তন এসেছে। ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জন পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদক পান। এর আগে ২০২৩ সালে ১১৭ জন এবং ২০২২ সালে ২৩০ জন সদস্য এ সম্মাননা লাভ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশি কার্যক্রমে প্রভাব পড়ে। সে কারণে গত বছর সাত দিনের পরিবর্তে সীমিত আকারে তিন দিনের পুলিশ সপ্তাহ আয়োজন করা হয়েছিল।