অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী

জাতীয়

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সরকার বর্তমানে অর্থনীতির গণতান্ত্রিকীকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যারা মূলধারার অর্থনীতির বাইরে রয়েছে, তাদেরকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে সরকার কাজ করছে। এটি নাগরিকদের অধিকার বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, অতীতে দেশের অর্থনীতিতে একটি অলিগার্ক শ্রেণি সুবিধা নিয়েছে, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ সীমিত ছিল। বর্তমান সরকার সেই ব্যবস্থাকে ভেঙে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলছে।

নারীদের ভূমিকার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নারীরা পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সঞ্চয়ের ক্ষেত্রে তাদের দক্ষতা বেশি। এ কারণে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং স্থানীয় পর্যায়ে অর্থ প্রবাহ বাড়াবে।

তিনি আরও জানান, একইভাবে কৃষক কার্ডও দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।